• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম


সুনামগঞ্জে ভারি বৃষ্টির পূর্বাভাস

আকস্মিক বন্যার শঙ্কায় সতর্কবার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ৯:৩৭ পিএম

সুনামগঞ্জ জেলায় টানা ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় হাওড় অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও এর উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে হাওড় অঞ্চলের প্রধান নদী—সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভুগাই-কংসসহ অন্যান্য উপনদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ২৮ এপ্রিল থেকে কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদী–এর পানি বিপৎসীমার নিচে থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২৮ এপ্রিলের পর জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এই পরিস্থিতিতে হাওড় এলাকার বোরো ধান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কাটার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো ধান কাটতে না পারলে আকস্মিক বন্যায় ব্যাপক ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।