• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম


৩ ঘণ্টা অপেক্ষার পরও লাগেজ মেলেনি, বিমান কর্তৃপক্ষকে জামায়াতের চার এমপির অভি’যোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৮:৩৩ পিএম

ওমরা থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগপত্রের কপি প্রকাশ করে বিস্তারিত তুলে ধরেন কামাল হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? আজ সকাল ৮.৫৫টায় অবতরণ করা BG338 ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রি হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম।’

লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দীন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো অভিযোগপত্রে চার সংসদ সদস্য জানান, তারা নিজেরাসহ বিজি৩৩৮ (মদিনা-ঢাকা) ফ্লাইটে ঢাকায় অবতরণকারী যাত্রীদের অধিকাংশই ট্যাগযুক্ত মালামাল বা লাগেজ পাননি।

অভিযোগপত্রে বলা হয়, যাত্রীদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন। ঢাকায় অবতরণের পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও অধিকাংশ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।

চার এমপি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে দীর্ঘ সময় পার হলেও এর কোনো যৌক্তিক কারণ তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে যাত্রী হয়রানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে এ বিষয়ে কারণ দর্শানোর দাবি জানানো হয়েছে এবং সংশ্লিষ্টদের ব্যাখ্যা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

/এসএন