• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৯:০৭ এএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, বুধবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে দেশের নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো ধরনের সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই।

বুধবার রাতে প্রকাশিত দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাতেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আর শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

/এসএন