• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ এএম


সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১:২৬ পিএম

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাম্প্রতিক ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টির ফলে এসব এলাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ জেলায় ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর মোট আটটি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদী ৯ সেন্টিমিটার বেড়ে জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। সোমেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার কমলেও কলমাকান্দা পয়েন্টে এখনো বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে।

এছাড়া ভুগাই-কংশ নদীর পানি ২২ সেন্টিমিটার কমে জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। মগরা নদীর পানি নেত্রকোনা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে ৭৯ সেন্টিমিটার ওপরে এবং আটপারা পয়েন্টে অপরিবর্তিত থেকে ২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে হবিগঞ্জ জেলার কালনি নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজমিরিগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুতাং নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়ে সুতাং রেলব্রিজ পয়েন্টে ৮৩ সেন্টিমিটার ওপরে উঠেছে।

সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে বলে জানিয়েছে পাউবো।

এদিকে ভারতের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এসএন