• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম


হাতি ও গন্ধগোকুলের মল থেকে তৈরি কফি, দাম লাখ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৭:৫২ পিএম

কফি মানেই মন সতেজ করা সুবাস ও স্বাদের অনন্য অভিজ্ঞতা। তবে বিশ্বজুড়ে এমন কিছু কফি রয়েছে, যেগুলোর উৎপাদন প্রক্রিয়া জানলে অবাক হতে পারেন অনেকেই। এর মধ্যে অন্যতম হলো ‘ব্ল্যাক আইভরি’ ও ‘কোপি লুওয়াক’। কফিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও দুষ্প্রাপ্য এই দুই ধরনের কফি তৈরি হয় যথাক্রমে হাতি ও গন্ধগোকুলের (পাম সিভেট) মল থেকে সংগ্রহ করা কফি বিন প্রক্রিয়াজাত করে।

থাইল্যান্ডে উৎপাদিত হয় বিশেষ ধরনের ‘ব্ল্যাক আইভরি কফি’। এটি তৈরির জন্য উচ্চমানের আরাবিকা কফি চেরি হাতির খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। হাতি খাবারটি গ্রহণ করার প্রায় ১৫ থেকে ১৭ ঘণ্টা পর তা মল হিসেবে ত্যাগ করে। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই মল থেকে কফির আস্ত বিন আলাদা করা হয়।

কফি বিন সংগ্রহের পর সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর রোদে শুকানো এবং নির্দিষ্ট তাপমাত্রায় রোস্টিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করার পর প্রস্তুত হয় বিলাসবহুল এই কফি।

বিশেষজ্ঞদের মতে, হাতির পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় পাকস্থলীর অ্যাসিড ও বিশেষ ধরনের এনজাইম কফি বিনের ভেতরের প্রোটিন ভেঙে দেয়। এর ফলে কফির স্বাভাবিক তিক্ততা বা তেতো স্বাদ অনেকটাই কমে যায়। একই সঙ্গে এতে চকোলেট, ক্যারামেল ও হালকা মাটির মতো মিষ্টি সুবাস তৈরি হয়।

তবে ব্ল্যাক আইভরি কফি উৎপাদনের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য। এ কারণে এর উৎপাদন সীমিত এবং দামও অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় পৌনে দুই লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। এমনকি বিলাসবহুল রেস্তোরাঁয় এই কফির মাত্র এক কাপ পান করতেও কয়েক হাজার টাকা খরচ করতে হয়।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার বিশ্বখ্যাত ‘কোপি লুওয়াক’ তৈরি হয় এশিয়ান পাম সিভেট বা গন্ধগোকুলের মল থেকে। স্থানীয় ভাষায় ‘কোপি’ শব্দের অর্থ কফি, আর ‘লুওয়াক’ বলা হয় গন্ধগোকুলকে।

বিড়ালসদৃশ এই নিশাচর স্তন্যপায়ী প্রাণী কফি গাছের সবচেয়ে ভালো ও পাকা চেরিগুলো বেছে বেছে খায়। ফলের মাংসল অংশ হজম হয়ে গেলেও কফির শক্ত বীজটি অক্ষত অবস্থায় মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে আসে।

গন্ধগোকুলের পরিপাকতন্ত্রের এনজাইম কফি বিনের গঠনে বিশেষ ধরনের পরিবর্তন ঘটায়। এর ফলে কফির অ্যাসিডিক তীব্রতা কমে গিয়ে একটি কোমল ও স্বতন্ত্র স্বাদ তৈরি হয়।

এরপর সংগৃহীত মল থেকে কফির বীজ আলাদা করা হয়। সেগুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার ও শুকানোর পর প্রস্তুত করা হয় বিখ্যাত কোপি লুওয়াক।

দুষ্প্রাপ্যতা এবং জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে বৈশ্বিক বাজারে প্রতি পাউন্ড কোপি লুওয়াকের দাম কয়েক শ মার্কিন ডলার পর্যন্ত হাঁকা হয়।

অদ্ভুত উৎপাদন প্রক্রিয়া এবং স্বতন্ত্র স্বাদের কারণে ব্ল্যাক আইভরি ও কোপি লুওয়াক কফি এখন বিশ্বজুড়ে কৌতূহল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত।

/এসএন