• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম


সন্ধ্যার পর আত’ঙ্কে নওগাঁর চার গ্রাম, মা’দকের বিস্তারে বাড়ছে চু’রি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৮:৩৬ পিএম

নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে চুরির ঘটনাও। গত এক মাসে ইউনিয়নের চকসিদ্ধেশ্বরী, পাঁজরভাঙ্গা, তালপাতিলা ও চকবালু—এই চার গ্রামে অন্তত ২৬টি বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ছোটখাটো জিনিসপত্রের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকারও চুরি যাওয়ায় নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, কশব ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গাঁজা, চোলাই মদ ও ট্যাপেন্টাডল বড়ির মতো মাদকদ্রব্য সহজেই পাওয়া যাচ্ছে। তাদের অভিযোগ, মাদকের নেশা মেটাতে এবং অর্থের জোগান দিতে মাদকাসক্ত কিছু যুবক চুরির সঙ্গে জড়িয়ে পড়েছে। সুযোগ পেলেই তারা বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে।

গত এক মাসে চুরির শিকার হওয়া চার গ্রামের বাসিন্দারা জানান, চোরেরা শুধু মূল্যবান সামগ্রীতেই থেমে নেই। ঘরের রান্নার সরঞ্জাম থেকে শুরু করে বাগানের ফলমূলও চুরি করা হচ্ছে।

তালপাতিলা গ্রামের নাজিমের বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। একই এলাকার মতিউরের বাড়ি থেকে ডাব, লিয়াকতের বাড়ি থেকে সুপারি ও ডাব, আবুদ্দিনের বাগান থেকে নেট এবং রইছের বাড়ি থেকে পানির পাইপ চুরি হয়েছে।

চকসিদ্ধেশ্বরী গ্রামের মজিবুর, এনামুল ও আবদুর রউফের বাড়ি থেকে স্মার্টফোন চুরি হয়েছে। প্রবাসী জাফরের বাড়ি থেকে স্বর্ণের কানের দুল, মমিনুল ইসলামের ভ্যান, জাহাঙ্গীরের বাগান থেকে বাতাবি লেবু, মাহমুদার বাড়ি থেকে নগদ টাকা ও ব্যাগ এবং আনোয়ারের প্রায় ২০ হাজার টাকার বোরিং পাইপও চুরি হয়েছে। এমনকি স্থানীয় একটি মসজিদ থেকেও দুটি ব্যাটারি নিয়ে গেছে চোরেরা।

পাঁজরভাঙ্গা গ্রামের এমদাদের মোবাইল ফোন, নাজিমের বাড়ির টিউবওয়েলের হ্যান্ডেল, কলা ও সুপারি, জিন্নাতুনের চার্জারভ্যানের যন্ত্রাংশ এবং শম্ভু লালের নৌকার মেশিনের তেল চুরি হয়েছে।

চকবালু গ্রামের জলিলের দোকান থেকে মাছ, নুরুদ্দিনের রান্নার সরঞ্জাম, আনসেন ও নাসিরের স্মার্টফোন-মোবাইল, শরীফের ডাব ও সুপারি এবং মোকছেদের মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র খোয়া গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকাতেও সাইকেল, পানির পাম্প ও বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে।

মাদক ও চুরির এই উপদ্রব থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি চকসিদ্ধেশ্বরী মধ্যপাড়া মসজিদে জুমার নামাজের পর স্থানীয়রা একটি মতবিনিময় সভা করেন। এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর বিকেলে চকসিদ্ধেশ্বরী পুকুরপাড় এলাকায় মাদকসেবীদের ধরতে চেষ্টা চালান স্থানীয়রা।

এ সময় কয়েকজন মাদক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে পরিত্যক্ত অবস্থায় কিছু নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

তালপাতিলা গ্রামের ভুক্তভোগী মো. নাজিম এশিয়া পোস্টকে জানান, ছাদের গেটের গ্রিলের ভেতর দিয়ে দরজা খুলে চোরেরা তার ঘরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।

পাঁজরভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার নাজিম আহম্মেদ বলেন, ঘরে কী আছে এবং কখন চুরি হয়ে যায়—এমন আতঙ্কে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না তিনি।

কশব ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী এশিয়া পোস্টকে জানান, মাদক ও চুরির বিষয়ে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এশিয়া পোস্টকে জানান, চুরি ও মাদকসংক্রান্ত বিষয়ে এখনো থানায় কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আসেনি। তবে ভুক্তভোগীরা সরাসরি যোগাযোগ করলে কিংবা অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন