রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
/এসএন