• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম


৭২.৭০ কোটি টাকায় বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৯:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কেনার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন পায়।

সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি এই সম্প্রচারস্বত্ব ক্রয় করা হবে। এর ফলে বিশ্বকাপের ম্যাচগুলো টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের সুযোগ পাবে বাংলাদেশ।

আগামী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

/এএসএফ