• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০০ এএম


ক্রিকেটে ফিরছেন সাকিব, নেতৃত্ব দেবেন বাংলাদেশকে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ৯:৩৩ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দেখা না গেলেও আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের। ছয়টি দল, ১৯টি ম্যাচ এবং এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। দলটির নেতৃত্বে থাকবেন দেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরে অংশ নেওয়া ছয়টি দল হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।

বাংলাদেশ টাইগার্স দলে সাকিবের পাশাপাশি রয়েছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার অলক কাপালি। এছাড়া টুর্নামেন্টে খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

৩১ জুলাই ডাবল-হেডারের প্রথম ম্যাচে পাকিস্তান প্যান্থার্সের প্রতিপক্ষ হবে রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট হবে ফাইনাল।

এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের এই লড়াই।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

/এসএন