সদ্য শেষ হওয়া বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত কথিত প্রচারণা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তার দাবি, পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি।স্পোর্টসবিষয়ক ওয়েবসাইট গিভমি স্পোর্টের তথ্য অনুযায়ী, স্থানীয় রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন মিলেই।সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে কে? ব্রাজিল সরকার। মোট অর্থায়নের ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। আর তারাই আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশ দেয়!’তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা তথ্য-উপাত্ত উপস্থাপন করেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট।এ সময় তিনি আরও অভিযোগ করেন, ‘এই প্রচারণা মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি দ্বারা অর্থায়িত হয়েছে। কারা তারা? তারা হলো প্রগতিশীল নেতা, যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চায় না।’২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। টুর্নামেন্টে দলটি অতিরিক্ত সুবিধা পেয়েছে—এমন অভিযোগ যেমন উঠেছে, তেমনি ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টাইন ফুটবলারদের আচরণ নিয়েও সমালোচনা হয়। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।উল্লেখ্য, হ্যাভিয়ের মিলেইর উত্থাপিত অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং অভিযুক্ত পক্ষগুলোরও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: গিভমি স্পোর্ট
/বিএসএস