• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:১৯ এএম


কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খেলবে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:২২ পিএম

অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মাঠে নামবেন ভিনিসিয়ুস, রাফিনিয়ারা।

আজ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে ব্রাজিল কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি সিবিএফ।

বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলো খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

ব্রাজিল জাতীয় দলের বিদেশি সমর্থকদের বড় একটি অংশ ভারতে বসবাস করেন উল্লেখ করে সিবিএফ আরও লিখেছে, ‘যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাস অনুসরণ করে আসছে, সেই দেশের মানুষের সঙ্গে এটি হতে যাচ্ছে একটি বিশেষ সাক্ষাৎ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার শেষে সিবিএফ লিখেছে, ‘দেখা হচ্ছে কলকাতায়।’