• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম


১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ফুটবল দুনিয়ায় তোলপাড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ৮:২৩ পিএম

চমকে ওঠারই কথা। যে ফুটবলার ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন, সেই রোনালদিনহো কি না আবার মাঠে ফিরছেন! বিশ্বকাপের মাঝেই এমন খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোড়ন।

তবে বিষয়টি ব্রাজিল জাতীয় দলে ফেরার নয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ইতালির ক্লাব রাভেন্নার সঙ্গে নতুন এক ভূমিকায় যুক্ত হচ্ছেন।

আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাভেন্না ক্লাব আনুষ্ঠানিকভাবে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই সাবেক এই বিশ্বকাপজয়ী তারকাকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

নিজের নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, “নতুন রং। কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও চিপরিয়ানির পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস। আর সেই আনন্দের অনুভূতিটাই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।”

জানা গেছে, রোনালদিনহোকে বিশেষ কয়েকটি ম্যাচে খেলতে দেখা যাবে। পাশাপাশি ক্লাবটির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমেও নিয়মিত অংশ নেবেন তিনি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই প্লেমেকার ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৫ সালে জিতেছিলেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। এছাড়া ২০০৬ সালে বার্সেলোনার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে। প্রায় এক যুগ পর তার এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বের ভক্ত-সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

/এএসএফ