নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অ্যাকশন ও নৃত্যদৃশ্য ধারণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় তার হিপ টেন্ডন ছিঁড়ে গেছে। এ কারণে চিকিৎসকেরা তাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
দুর্ঘটনার পরপরই রাশমিকাকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তার আঘাত গুরুতর। ফলে আপাতত তিনি কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম করতে পারবেন না। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন এই অভিনেত্রী।
জানা গেছে, দুর্ঘটনার সময় একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রাশমিকা মান্দানা। এর মধ্যে ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ ছবির শুটিং চলছিল। তবে কোন ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকদের মতে, এ ধরনের হিপ টেন্ডনের গুরুতর আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট তুলনামূলক বিরল। তাই পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে রাশমিকা মান্দানার আসন্ন সব শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই তিনি আবার অভিনয়ে ফিরবেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা মান্দানা। বর্তমানে স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’-সহ একাধিক চলচ্চিত্রে এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
/এসএন