• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০৬ এএম


নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ১১:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি বলেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সমাবেশে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তা জনগণ মেনে নেবে না। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে।

বক্তব্যে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি আসিফ মাহমুদ ও নাহিদের প্রসঙ্গ উল্লেখ করে তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও সমালোচনামূলক মন্তব্য করেন।

রিপন আরও দাবি করেন, এসব বক্তব্যে বিএনপির কোনো ক্ষতি হবে না এবং জনগণ বিভ্রান্ত হবে না।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি শহরের মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়ায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

/এএসএফ