বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের আশা করেছিলেন আর্জেন্টাইন টিকটকার মার্তিনা মেন্দেজ। জাতীয় দলের প্রতি অগাধ বিশ্বাস থেকেই তিনি বড় অঙ্কের বাজি ধরেছিলেন। কিন্তু মাঠের ফল উল্টো হওয়ায় সেই সিদ্ধান্ত এখন তার জীবনে বড় আর্থিক বিপর্যয় ডেকে এনেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ট্যারোট কার্ডের ভবিষ্যদ্বাণী দেখে মার্তিনা বিশ্বাস করেছিলেন, আর্জেন্টিনার জয় যেন আগেই নির্ধারিত। সেই বিশ্বাসের ভিত্তিতেই তিনি ১৫ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) ঋণ নিয়ে পুরো অর্থ আর্জেন্টিনার জয়ের পক্ষে বাজি ধরেন।মার্তিনার দাবি, এই ঝুঁকি নেওয়ার পেছনে ছিল নিজের একটি বাড়ি তৈরির স্বপ্ন। কিন্তু স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। বাজিতে পুরো অর্থ হারানোর পাশাপাশি তিনি এখন বিশাল অঙ্কের ঋণের বোঝায় চাপা পড়েছেন, যা একা পরিশোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে সম্প্রতি তিনি তার অনুসারীদের কাছে সহায়তা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্তিনা জানান, তার ১৫ হাজার অনুসারী যদি প্রত্যেকে ১ হাজার ডলার করে পাঠান, তাহলে তিনি সব দেনা শোধ করে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন।
/বিএসএস