• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম


মেসির বিরুদ্ধে মামলা,এসেছে চুক্তি ভঙ্গের অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৪:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী জুনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে।

আদালতের নথি অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ায় প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে এই অর্থ ব্যয় করেছিল। চুক্তি অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল।

তবে গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; বরং স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা দেখেন। অথচ পরদিনই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে দুটি গোল করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

পরে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি অংশ নেন। তবে ম্যাচটি শিকাগোতে হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়ায় সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়, এতে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়।

ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে কম টিকিট বিক্রির কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।