• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:২৭ এএম


বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫টি দেশের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:১৬ পিএম

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি, দ্য অ্যাথলেটিকসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রতিষ্ঠানের আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করার পরিকল্পনা রয়েছে।

প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নে প্রস্তাবিত প্রতিষ্ঠানটির একটি অংশের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে ফিফা। জানা গেছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালও রয়েছে।

শুরু থেকেই ফিফার এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে আসছে উয়েফা। সংস্থাটির ভাষ্য, ফুটবলের আত্মা ও এর পরিচালনা ব্যবস্থা বিক্রির কোনো পণ্য নয়। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবারের ভার্চুয়াল সভায় ইউরোপের দেশগুলো আসন্ন বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দেয়।

ক্যালেন্ডার অনুযায়ী, পরবর্তী বিশ্বকাপ আসর হবে আগামী গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ। এরপর ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ। উয়েফার এই বয়কটের সিদ্ধান্ত কার্যকর হলে দুটি টুর্নামেন্টই সরাসরি প্রভাবিত হতে পারে।

ফিফার প্রস্তাবটি এখনো সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে উয়েফার এই পদক্ষেপকে ফিফার ওপর বড় ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে।