• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম


বিশ্বকাপের আগে বিত’র্ক, ই’রান দলের ১৪ কর্মকর্তাকে ভিসা দেয়নি যু’ক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৭:৫৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে দলের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন—এমন অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।

ফেডারেশনের দাবি, বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। বিষয়টি নিয়ে তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বলেও জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের ১৪ জন কর্মকর্তা ও স্টাফ। ভিসাবঞ্চিতদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবী। তবে ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ভিসা পেয়েছেন কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মেহেদি তাজ ফুটবল ফেডারেশনে যোগদানের আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বিশ্বকাপকে সামনে রেখে ফিফা প্রথমে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেজক্যাম্প নির্ধারণ করেছিল। তবে পরবর্তীতে ইরানের অনুরোধে সেটি মেক্সিকোতে স্থানান্তর করা হয়। গত ১৮ মে তুরস্কে অনুশীলন ক্যাম্প করে ইরান দল। সেখান থেকেই খেলোয়াড় ও কর্মকর্তাদের মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা হয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যেসব কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি তারা দলের সঙ্গে মেক্সিকোতে অবস্থান করবেন। একই সঙ্গে তাদের জন্য ভিসা পাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শনিবার তুরস্ক থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে ইরান দল।

এফএফআইআরআই তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত কার্যত ইরান জাতীয় দলকে বৈষম্যহীন ও সমান সুযোগভিত্তিক প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে।

এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরান দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার দূতাবাসের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এর জবাবে আঙ্কারার ইরানি দূতাবাস পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলে, নিজেদের প্রশংসা করে এমন একটি আচরণ আড়াল করা যাবে না, যা ফিফার নিয়ম লঙ্ঘন করে এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। ইরানি দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এটি খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপের একটি নিকৃষ্ট উদাহরণ।

অন্যদিকে শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, ইরান দলের সব ফুটবলারের ভিসা অনুমোদন করা হয়েছে। তবে বার্তা সংস্থা এপিকে দেওয়া মন্তব্যে একজন মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইরান দলের সঙ্গে যুক্ত কিছু আবেদনকারী ‘মিথ্যা অজুহাতে’ ভিসার আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপের আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানালে বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে ফুটবল বিশ্বে।

/এসএন