বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্ক বহুদিন ধরেই চলছে। তবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে এ বিষয়ে কোনো দ্বিধা নেই। তার মতে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ৩৮ বছর বয়সী মেসি।
সেই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা।মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে দিচ্ছে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই।
এখনো কারও সন্দেহ থাকলে সেটি শুধু সন্দেহ খোঁজার চেষ্টা। এ বিষয়ে আর কিছু বলার নেই।”তবে মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেও নিজের ফুটবল-প্রেরণা হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম নিয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।ইয়ামাল বলেন, “আমার আদর্শ নেইমার।
কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।”বিশ্বকাপে নিজের বর্তমান অবস্থা ও লক্ষ্য নিয়েও কথা বলেছেন স্পেনের এই উদীয়মান তারকা। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি খেলেছেন মাত্র ১৯ মিনিট। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এখনো সতর্কতার সঙ্গে এগোচ্ছেন তিনি।তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইয়ামাল।
গোলের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মূল লক্ষ্য ট্রফি জয়।ইয়ামাল বলেন, “আমার খেলার ধরন ভিন্ন। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার চেয়ে ট্রফি জেতাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
/বিএসএস