• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম


সাভারে মশাল মিছিলের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ১১:২৮ পিএম

ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় মশাল মিছিল করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে আমিন বাজারের সালেহপুর ব্রিজসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে মশাল মিছিল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওয়ালিউর রহমান শিবলী রয়েছেন। এছাড়া আটক অন্য ব্যক্তিরা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, শরীয়তপুর, দিনাজপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা ডিজিটাল ব্যানারে আগস্ট মাস উপলক্ষে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বার্তা লেখা ছিল। সেখানে ঢাকা-১৩ আসনের আদাবর থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামও উল্লেখ ছিল।

এসআই মো. জাকির আল আহাসান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

/এএসএফ