• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম


ভিনির ঝলকে হাইতিকে গুঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ১০:১৫ এএম

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৭তম দল হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান রাফিনিয়া। হাইতির রক্ষণভাগ ভেঙে গোলরক্ষকের মুখোমুখি হলেও চিপ করতে গিয়ে বল পোস্টের অনেক বাইরে পাঠান তিনি। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।তবে ২৩ মিনিটে আর হতাশ হতে হয়নি ব্রাজিলকে।

ভিনি জুনিয়রের শট প্রথমে ঠেকিয়ে দেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে। কিন্তু ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ম্যাথিউস কুনিয়া। তার গোলে এগিয়ে যায় ব্রাজিল।৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া ভিনি জুনিয়র দারুণ একটি পাস বাড়িয়ে দেন তাকে। বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

এর কিছুক্ষণ আগে চোটের আশঙ্কায় মাঠ ছাড়েন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনি জুনিয়র। লুকাস পাকেতার পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে যান তিনি। এবার আর কোনো ভুল না করে দুর্দান্ত ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ব্রাজিলের প্রথম দুই গোলেও সহায়তা করেছিলেন ভিনি।

প্রথমার্ধ শেষ হয় ব্রাজিলের ৩-০ গোলের লিড নিয়ে।বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে হাইতি। কর্নার থেকে একটি দারুণ সুযোগও তৈরি করেছিল তারা। বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন দানিলো।এরপর বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচের শেষ দিকে চতুর্থ গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ব্রাজিল। এবারও এনদ্রিকের শট গোললাইন থেকে ক্লিয়ার করে হাইতির রক্ষণভাগ। ফলে ব্যবধান আর বাড়াতে পারেনি সেলেসাওরা।শেষ পর্যন্ত প্রথমার্ধে করা তিন গোলই জয়ের জন্য যথেষ্ট হয়। ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল, আর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ও তুলে নেয় আনচেলত্তির দল।

/বিএসএস