• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম


নোয়াখালীতে এসএসসি কেন্দ্রে অভিভাবকদের পাশে ছাত্রদল, স্বস্তি দিল পানি-স্যালাইন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৫:২২ পিএম

নোয়াখালীতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তীব্র গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে সদর উপজেলার সোনাপুর এলাকায় পানি, স্যালাইন ও হালকা খাবার বিতরণ করা হয়।

রোববার ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে ও পরে সোনাপুর আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই কর্মসূচি পরিচালনা করা হয়। সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তুর্জয় সুলতানের পক্ষ থেকে ছাত্রদল নেতাকর্মীরা এ উদ্যোগ বাস্তবায়ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সিয়াম মুহতাসিম, সোনাপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীরুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

অভিভাবকরা জানান, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে বসার ব্যবস্থা, পানি ও স্যালাইন পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। অনেকেই এই উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

শিক্ষার্থীরাও জানায়, পরীক্ষার আগে এই সহায়তা তাদের মানসিকভাবে কিছুটা স্বস্তি দিয়েছে এবং পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে সহায়ক হয়েছে।

আয়োজকরা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।