• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম


কলাবাগানে সাবেক স্ত্রী ও শাশুড়িকে হ/ত্যার করে থানায় গিয়ে আত্মসম/র্পণ যুবকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ২:২৫ পিএম

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৫)। হামলার সময় ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সকালে বাসার ভেতরে রাত্রি ও তার সাবেক স্বামী মো. শিপনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রাত্রির মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করলে অভিযুক্ত শিপন ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, হামলার পর ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। আহত ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর পালিয়ে না গিয়ে অভিযুক্ত শিপন নিজেই কলাবাগান থানায় হাজির হন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

ওসি ফজলে আশিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন বলেছেন, তার সঙ্গে রাত্রির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় বসবাস করছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএন