চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
এ সময় তিনি দেশের শিক্ষাব্যবস্থার কারিকুলাম সংস্কার নিয়েও কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, কারিকুলাম নিয়ে বর্তমানে কাজ চলছে এবং এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী বছর শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
/এসএন