মাত্র এক বছরেরও কম সময়ে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের ৮ বছর বয়সী শিশু আব্দুর রহমান। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং একজন আদর্শ আলেম হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করছেন।
আব্দুর রহমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। বর্তমানে সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র।
নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুর রহমান বলে, “আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি আমাকে আল ইহদা ইসলামিক ইনস্টিটিউট মাদরাসায় ভর্তি করান। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে একজন ভালো আলেম হতে পারি।”
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদরাসায় প্রায় ছয় মাস পড়াশোনা করে ১৫ পারা কোরআন মুখস্ত করেছিল সে। পরে বর্তমান মাদরাসায় ভর্তি হয়ে বাকি ১৫ পারা মুখস্ত সম্পন্ন করে এক বছরেরও কম সময়ে হিফজ শেষ করার গৌরব অর্জন করে।
আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, “আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। বড় ছেলে সাধারণ শিক্ষায় পড়াশোনা করছে, তাই তাকে হাফেজ বানাতে পারিনি। তবে ছোট ছেলে সেই স্বপ্ন পূরণ করেছে। এতে আমি খুবই আনন্দিত। আমি চাই সে একজন ভালো মানুষ এবং একজন বড় আলেম হিসেবে প্রতিষ্ঠিত হোক।”
আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের ছাত্র আব্দুর রহমান মাত্র ৮ বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সে খুবই নম্র, ভদ্র ও পরিশ্রমী। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আব্দুর রহমানকে সারাজীবন কোরআনের আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করেন।”
/এএসএফ