সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার তিনটি বিদ্যালয়ে গিয়ে তিনি এই চিত্র দেখতে পান।
জানা গেছে, এমপি কামরুজ্জামান কামরুল বৃহস্পতিবার সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বের হন। এ সময় পথে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাওয়া যায়নি।
বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। পরে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
/এসএন