২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।”
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এসএসসি ও সমমান পর্যায়ে প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমান পর্যায়ে আরও প্রায় ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। এই প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়েই সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।
ড. এহছানুল হক মিলন বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর এসএসসি পর্যন্ত পৌঁছাতে ১৬ বছর এবং এইচএসসি পর্যন্ত যেতে আরও দুই বছরসহ মোট ১৮ বছর সময় লাগার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থীর এসএসসি পাস করতেই ২০ বছর বয়স হয়ে যাচ্ছে। এতে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার সেশনজট কমিয়ে আনা, নির্ধারিত সিলেবাস সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের সঠিকভাবে শিখন নিশ্চিত করে সময়মতো পরীক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এসএসসি পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে শিক্ষার্থীদের প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, ডিসেম্বর মাসকে শিক্ষা বর্ষের সমাপনী ও পরীক্ষার প্রস্তুতির আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। এরপর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
তিনি বলেন, পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী ধাপে ভর্তি হতে পারে। একইভাবে এইচএসসির ক্ষেত্রেও সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ড. এহছানুল হক মিলন বলেন, “আমরা পুরো প্রক্রিয়াটাকে সমন্বিতভাবে সাজাতে চাইছি। যাতে শিক্ষার্থীদের সময় অপচয় না হয় এবং তারা নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে।”
তিনি আরও জানান, আগামী এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু করার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে এবং এই সময়সূচি আর পরিবর্তন করা হবে না।
/এসএন