গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে পর্নো ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় ভিডিও তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)। এর আগে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হওয়া চারজনকে কারাগারে পাঠানো হয়।
ওসি (তদন্ত) জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতকসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষকে হাতেনাতে আটক করা হয়। তবে এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হন।
পরে পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/এসএন