চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে রাইস কুকারে ভাত রান্নার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন ওই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে ভাত রান্নার জন্য রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ সংযোগ দিতে যান শাহারন খাতুন। এ সময় প্লাগ লাগানোর মুহূর্তে বৈদ্যুতিক বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে হাতে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, আসাননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
/এসএন