বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তাদের নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে অতিথি তালিকায় লিওনেল মেসির নাম ছিল কি না, তা নিয়েও নানা জল্পনা তৈরি হয়।
ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্ডে অনুষ্ঠানের সময়, ভেন্যু এবং অতিথিদের জন্য ‘অল-ব্ল্যাক’ পোশাক পরার নির্দেশনাও উল্লেখ করা হয়েছিল।
পর্তুগিজ টেলিভিশনের অনুষ্ঠান ভি প্লাস ফামা-য় ওই কার্ডটি প্রদর্শনের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তবে পরে রোনালদোর পরিবার এবং স্প্যানিশ সাময়িকী হোলা নিশ্চিত করে, শনিবার তাদের কোনো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।
পরে ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রটি খতিয়ে দেখে একাধিক অসঙ্গতির তথ্য সামনে আসে। কার্ডের এক জায়গায় অনুষ্ঠানের সময় দুপুর ২টা এবং অন্য জায়গায় বিকেল ৫টা উল্লেখ করা হয়েছিল। এছাড়া যে ভেন্যুর নাম দেওয়া হয়, সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত—যা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত বিয়ের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে কথিত অতিথি তালিকায় ফুটবল ও বিনোদন অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তির নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। তবে নিমন্ত্রণপত্রটি ভুয়া বলে নিশ্চিত হওয়ার পর ওই আলোচনা ভিত্তিহীন বলেই স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন।
/এসএন