বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থীর জন্য শিক্ষক, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৮ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। তবে শিক্ষাবোর্ডের বিধি অনুযায়ী পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হয়েছে কর্তৃপক্ষকে।
ফলে একজন পরীক্ষার্থীর জন্যও পূর্ণাঙ্গ পরীক্ষাকেন্দ্র পরিচালনা করতে হয়েছে। পুরো কেন্দ্রজুড়ে ছিল নীরব পরিবেশ। একটি বেঞ্চে বসেই একা পরীক্ষা দেন ওই শিক্ষার্থী।
গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরীক্ষার্থী একজন হলেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।
তিনি আরও জানান, কেন্দ্রে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দুইজন অফিস সহায়ক।
/এসএন