• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম


এসএসসি পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ, সমালোচনার ঝড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৪:০৮ পিএম

এসএসসি পরীক্ষা চলাকালে কুমিল্লার হোমনা উপজেলায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ফেসবুক লাইভ সম্প্রচার করায় সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা চলাকালে তিনি কেন্দ্রে প্রবেশ করে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন এবং বিভিন্ন কক্ষে ঘুরে পরীক্ষার পরিবেশ দেখাতে থাকেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশ্ন সহজ হয়েছে কি না—এমন কথাও জিজ্ঞাসা করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন অভিভাবক বলেন, পরীক্ষার হলে জনপ্রতিনিধি যেতেই পারেন, তবে মোবাইল ফোন ব্যবহার করে লাইভ করা সম্পূর্ণ অনুচিত এবং এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়।

নিয়ম অনুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া অন্য কারও প্রবেশেরও বিধান নেই।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।