যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী আরাফাত হোসেন রাব্বি স্থানীয় চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজের সহযোগিতার জন্য ভুক্তভোগী কলেজছাত্রী তার প্রতিবেশী সম্পর্কের মামাতো ভাই রাব্বির সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ থাকলেও বিষয়টি জানার পরও সকাল সাড়ে ৯টার দিকে রাব্বি ওই শিক্ষার্থীকে নিয়ে চৌগাছা শহরের উদ্দেশ্যে রওনা হন।
অভিযোগ অনুযায়ী, পরে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীকে চৌগাছা পৌরসভার একটি পরিচিত ব্যক্তির বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থী নিজ বাড়িতে ফিরে পুরো ঘটনা তার মা-বাবাকে জানান। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
/এসএন