• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৩:২৩ পিএম

অস্ট্রেলিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি শোধনাগারে এ আগুন লাগে, যা দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে বিস্ফোরণের শব্দ শোনা গেলে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন প্রায় ১৩ ঘণ্টা ধরে জ্বলতে থাকে এবং বৃহস্পতিবার তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সময় শোধনাগারে কর্মরত সবাইকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদা পূরণ করে এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০ শতাংশ জ্বালানি সরবরাহে ভূমিকা রাখে।

দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত আকারে চালু রাখার চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, এমন সময়ে এই অগ্নিকাণ্ড ঘটল যখন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া আগেই জ্বালানি সংকটে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির ওপর চাপ আরও বেড়েছে।