• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ এএম


যু’দ্ধের উ’ত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুন ২০২৬ ৩:৫০ পিএম

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হওয়ার খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই কূটনৈতিক অগ্রগতি ইরান এবং মার্কিন-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের অবসান নিয়ে নতুন আশাবাদ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৫ মিনিটের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ মার্কিন ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৯৫ দশমিক ৪০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং চলমান সংঘাতের কারণে গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ছিল।

তবে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়া এবং যুদ্ধবিরতি চুক্তি আরও কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমতে শুরু করে। এর ফলে আন্তর্জাতিক তেলবাজারে মূল্য হ্রাসের এই প্রবণতা দেখা গেছে।

আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এবং ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার স্থায়ী সমাধান হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠতে পারে।

তাদের মতে, এমন পরিস্থিতিতে আগামী দিনে তেলের দাম আরও কমে আসার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির কারণ হতে পারে। তবে ওমান উপসাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা পরিস্থিতিও বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পর্যবেক্ষকরা।

/এসএন