• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৬ পিএম


সাহারা মরুভূমিতে আট’কা পড়ে ভয়া’বহ ট্র্যা’জেডি, পানিশূ’ন্যতায় নিহ’ত ৪৯

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুন ২০২৬ ৯:৪৪ পিএম

নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তীব্র গরম ও পানির সংকটে অন্তত ৪৯ জন যাত্রী মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। নাইজারের আগাদেজ গভর্নর অফিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিরা মালি থেকে একটি ধর্মীয় উৎসব শেষে নিজ দেশে ফিরছিলেন। যাত্রাপথে আলজেরিয়া সীমান্তের কাছাকাছি এবং নাইজার-মালি সংযোগস্থল হিসেবে পরিচিত আসামাকা সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।

ট্রাকটি বিকল হওয়ার পর যাত্রীরা চালক ও সহকারীদের সঙ্গে মিলে সেটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু মরুভূমির চরম প্রতিকূল পরিবেশ, অস্বাভাবিক তাপমাত্রা এবং আশপাশে পানির কোনো উৎস না থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি।

ক্রমাগত পানিশূন্যতা ও তীব্র তৃষ্ণার কারণে একে একে অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়। পরে মরুভূমির মধ্যেই নিহতদের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও দুইজন যাত্রী বেঁচে যেতে সক্ষম হন। জীবনের শেষ শক্তি দিয়ে তারা প্রায় ৫০ কিলোমিটার পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছান। পরে তারা আসামাকা সীমান্ত চৌকিতে গিয়ে প্রশাসনকে পুরো ঘটনার বিষয়ে অবহিত করেন।

উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপগামী যাত্রার অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছর তীব্র গরম, পানির অভাব এবং দুর্গম পরিবেশের কারণে এ অঞ্চলে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

/এসএন