চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সভায় অংশ নিয়েছেন দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। তিনি জানান, এনসিপির এই সভা উপলক্ষে প্রায় ২০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর সভাকে কেন্দ্র করে এর আগে একাধিক হামলার ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে আয়োজিত এনসিপির ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান’ নিয়েও উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, মূলত অনুষ্ঠান শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে সব ধরনের শঙ্কা কাটিয়ে শুক্রবার দুপুরে নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হয় এবং এতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিকেল ৫টার দিকে এনসিপির মতলব উত্তর উপজেলার সদস্যসচিব ইমাদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এ কারণে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মতলব উত্তর থানা পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেন।
তিনি আরও জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তা নিশ্চিত করে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের পর তাকে সভাস্থলে নিয়ে আসা হয়। নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
/এসএন