আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জরিপে অংশ নেওয়া ৩৬টি দেশের অধিকাংশ উত্তরদাতা ইসরায়েলের প্রতি অসন্তোষ ও বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। অন্যদিকে মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা দেশটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, জরিপের বেশিরভাগ সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর। সংস্থাটির মতে, এই সংঘাত বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা ও সংকটকে আরও তীব্র করেছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে নতুন সংঘাত ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।
জরিপে দেখা যায়, মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব সবচেয়ে বেশি। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও তীব্র অসন্তোষ লক্ষ্য করা গেছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় কোনো জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
শুধু মুসলিম বিশ্ব নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ইসরায়েলবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো দেশগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বা তারও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অত্যন্ত নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দেশটির ভাবমূর্তি আগেই প্রশ্নের মুখে ছিল। তবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। জরিপে অন্তর্ভুক্ত ২৪টি দেশের মধ্যে, যেখানে আগের বছরের তুলনামূলক তথ্য পাওয়া গেছে, অন্তত ১৩টি দেশে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উদাহরণ হিসেবে আর্জেন্টিনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ২০২৫ সালে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল ৪৬ শতাংশ মানুষের। চলতি বছরে সেই হার বেড়ে ৫৫ শতাংশে পৌঁছেছে।
এ ছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশকারীর সংখ্যা দুই অঙ্কের হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও ভাবমূর্তির সংকটকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে।
/এসএন