টানা তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। শুক্রবার (৫ জুন) রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের সব বিভাগেই এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শুক্রবার রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “আজ যেমন বৃষ্টি হয়েছে, আগামী তিন দিন সারাদেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে। একই সময়ে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
/এসএন