মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও জ্বালানি সরবরাহ অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি-সংক্রান্ত উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জাহাজ জব্দের ঘটনা তেলের বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও বাজারে তেমন ইতিবাচক প্রভাব পড়েনি। বরং সরবরাহ ঝুঁকির আশঙ্কায় দাম বাড়তির দিকেই রয়েছে।
হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। তিনি ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
তথ্যসূত্র: সিএনবিসি