বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। এ উদ্দেশ্যে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের সহযোগিতা কামনা করা হয়েছে।
গত ২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাসের স্বাক্ষর করা একটি চিঠি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভার অধিবেশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোকপ্রস্তাব গৃহীত হয়েছিল। অধিবেশনের কার্যবিবরণীর সংশ্লিষ্ট অংশের অনুলিপিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে অনুরোধ জানানো হয়, শোকপ্রস্তাবসংবলিত ওই অনুলিপি যেন বেগম খালেদা জিয়ার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
বিধানসভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, ওই অধিবেশনে স্পিকার খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত ওই শোকপ্রস্তাবের অনুলিপি পৌঁছে দেওয়ার জন্য প্রায় চার মাস পর, ২ জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উপ-হাইকমিশনের কাছে কূটনৈতিক সহায়তা চাওয়া হয়।
শোকপ্রস্তাবে খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব দিয়েছেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া শোকপ্রস্তাবে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথাও তুলে ধরা হয়। সেখানে তাকে দক্ষিণ এশিয়ার সমকালীন রাজনীতির একজন প্রভাবশালী নেতা হিসেবে অভিহিত করা হয়েছে।
শোকপ্রস্তাবে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
/এসএন