ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (৩ জুন) বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক অস্থিরতার প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। একই ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যও জানিয়েছে দূতাবাস।
আহত বাংলাদেশি নাগরিকদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুয়েত সরকার বিশেষ নির্দেশনা জারি করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রচার করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক হতাহতের ঘটনায় কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত রক্তদান করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
বর্তমান পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত সব বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
/এসএন