• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১১ পিএম


শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম রাখা হয়েছে শার্লিন খান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুন ২০২৬ ১০:১৫ পিএম

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘদিন ধরেই দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অন্যতম প্রভাবশালী নাম। গত দেড় দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় তার একচ্ছত্র আধিপত্য থাকলেও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে।

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেতার তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সংসারে গত ১১ মে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে।

ব্যক্তিগত জীবনে শাকিব খান দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমে তিনি ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের সংসারে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় ছেলে আব্রাহাম খান জয়। সে সময় বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অপু বিশ্বাস তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এই দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীর জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। তবে এবারও সন্তানের জন্মের বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। পরে ২০২২ সালের ৩ অক্টোবর নিজেদের ফেসবুক পেজে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।

সবশেষ গত ১১ মে শাকিব-বুবলী দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান শার্লিন খান। এর মধ্য দিয়ে তিন সন্তানের বাবা হলেন শাকিব খান।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও দুই ছেলে আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের প্রতি বাবা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এই অভিনেতা। জন্মদিন, ঈদসহ বিভিন্ন বিশেষ দিনে সন্তানদের সঙ্গে সময় কাটানোর ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

অবসর সময়ে সন্তানদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন শাকিব খান। বিভিন্ন ছবি ও ভিডিওতে সন্তানদের প্রতি তার স্নেহ ও ভালোবাসার প্রকাশ দেখা যায়। ভক্তদের কাছেও তার এসব পারিবারিক মুহূর্ত বেশ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

এর আগে জানা যায়, দুই ছেলেকেই রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে পড়াশোনার জন্য ভর্তি করিয়েছেন তিনি।

অন্যদিকে, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর নেই। তবে তাদের সম্পর্কের টানাপোড়েন বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। এর মধ্যেও সন্তানদের কারণে অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এই ঢাকাই তারকা।

/এসএন