• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ এএম


আবারও মার্কিন পঞ্চম নৌবহরে হাম/লা ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৪:৩৯ পিএম

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করা হয়। পরে আইআরজিসির মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। উত্তরাঞ্চলের এই শহরেই যুক্তরাষ্ট্রের কনস্যুলেট এবং জোট বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবস্থিত।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা এবং এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এসএন