ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ‘চোখের বদলে চোখ’ প্রতিরক্ষা নীতি সম্পর্কিত মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে ‘চোখের বদলে মাথা’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কো রুবিও বলেন, তেহরান তাদের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত ভারী মূল্য পরিশোধ করবে এবং সেই মূল্য তারা ইতোমধ্যেই দেওয়া শুরু করেছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের শিল্প অবকাঠামো ধ্বংস হচ্ছে, যার ফলে দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেন, তাদের প্রতিরক্ষা নীতি হলো ‘চোখের বদলে চোখ’। তিনি জানান, ইরানের অবকাঠামো বা ভূখণ্ডে যেকোনো ধরনের হামলার শক্তিশালী ও নির্ণায়ক জবাব দেওয়া হবে। পাশাপাশি হামলাকারীদের সহযোগিতাকারীদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আব্বাস আরাগচির ওই কঠোর সতর্কবার্তার পরপরই ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মার্কো রুবিও এই পাল্টা কড়া বক্তব্য দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে।
/এসএন