ব্রিটিশ লেখিকা ও প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেছেন বহু মিলিয়নিয়ার অর্থনীতিবিদ ক্যামেরন ও’রাইলিকে। এর মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সঙ্গে তার আগের দাম্পত্যজীবনের পর ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হলো। অন্যদিকে, ইমরান খান বর্তমানে পাকিস্তানের কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জেমিমা গোল্ডস্মিথ ও ক্যামেরন ও’রাইলির বিয়ের বিষয়টি তাদের ঘনিষ্ঠজনদের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। ক্যামেরন ও’রাইলি অর্থ ও বিনিয়োগ খাতে কাজ করেন এবং বিপুল সম্পদের মালিক হিসেবে পরিচিত।
১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেছিলেন জেমিমা। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। প্রায় নয় বছর একসঙ্গে সংসার করার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে দাম্পত্য সম্পর্কের অবসান হলেও সন্তানদের কারণে বিচ্ছেদের পরও তাদের মধ্যে যোগাযোগ বজায় ছিল।
ইমরান খান বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দী। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক ও আইনি বিভিন্ন মামলায় সাজা ভোগ করছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
অন্যদিকে, জেমিমা গোল্ডস্মিথ দীর্ঘদিন ধরে লেখালেখি ও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রচারের আড়ালেই থাকতে পছন্দ করেন তিনি। তবে ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সম্প্রতি সংবাদমাধ্যমের নজরে আসে।
/এসএন