মঙ্গলবার রাত থেকে কলকারখানাগুলোতে চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।
বৈঠকে ব্যবসায়ী নেতারা দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তারা।
ব্যবসায়ী প্রতিনিধিরা শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছে। এলএনজি সরবরাহ বাড়ানোর জন্য পাঁচটি এফএসআরইউর পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে শুধু এফএসআরইউয়ের ওপর নির্ভরশীলতা কমানো হবে। এ জন্য ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধানের বিষয়েও আলোচনা হয়।
তবে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়ে থাকা সমস্যাগুলো একদিনের মধ্যে সমাধান করা সম্ভব নয়—বৈঠকে এই বাস্তবতাও উঠে আসে।
/এসএন