• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম


মার্কিন যু/দ্ধবিরতির প্রস্তাব প্রত্যা/খ্যান করল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৭:৫৯ পিএম

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই তিনি ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ইরানি নেতৃত্বের কাছে তুলে দেন।

ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত বিরোধের কোনো সমাধান ছাড়া কেবল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয় তেহরান। তাদের মতে, মূল বিরোধের নিষ্পত্তি না করে অস্থায়ী কোনো সমঝোতায় যাওয়ার সুযোগ নেই।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সমস্যার মূল কারণ দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান নয়; বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই অযৌক্তিক এবং নিয়ন্ত্রণকেন্দ্রিক।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার প্রস্তুতিও নিচ্ছে ইরান। দুই ইরানি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দিলে পাল্টা জবাব হিসেবে তেল আবিবে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব এল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

/এসএন