গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী ও চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় অবস্থিত ছয়তলা ভবনটি এক বছরেরও বেশি সময় আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার পর থেকেই ভবনটি বিপজ্জনকভাবে একদিকে হেলে ছিল। তবে গাজায় তীব্র আশ্রয়সংকটের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো ঝুঁকিপূর্ণ ভবনটিতেই বসবাস করছিল।
ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং একটি মিশরীয় দলও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে।
তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে। প্রাথমিক পর্যায়ে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্সের সদস্যদের খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাতে হয়েছে।
গাজা সিটির সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, ‘আমরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাই মানুষকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা এখনো রয়েছে।’
তিনি আরও বলেন, আশ্রয়ের সীমিত সুযোগের কারণে বাসিন্দারা ওই ভবনে চলে এসেছিলেন। তাদের ধারণা ছিল, ভবনটি নিরাপদ। কিন্তু একপর্যায়ে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে এবং ঘুমন্ত মানুষের ওপর মর্মান্তিকভাবে ভেঙে পড়ে।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে অভিযান জটিল হয়ে উঠেছে।
/এএসএফ