পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।
তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।
এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। তাই মধুপূর্ণিমা উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিতে পারে। এ কারণে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দিবসটিতে স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকে।
/এসএন